নিজস্ব প্রতিবেদক, জামালপুর : ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ২০২৫-২৬ অর্থবছরের মেয়াদোত্তীর্ণ ডিলারদের পুনঃনবায়ন কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা প্রত্যাহার এবং বিদ্যমান ডিলারদের পুনঃনবায়নের দাবিতে জামালপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন টিসিবি ডিলাররা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলার বিভিন্ন উপজেলার টিসিবি ডিলারদের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারী ডিলাররা তাদের দীর্ঘদিনের ব্যবসায়িক অভিজ্ঞতা, দায়িত্বশীলতা এবং জনসেবামূলক কার্যক্রমের কথা তুলে ধরে সরকারের প্রতি তাদের পুনঃনবায়নের সুযোগ বহাল রাখার দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন টিসিবি ডিলার শাহারিয়ার হোসেন সবুজ, শহীদুজ্জামান সজীব, শামীম হোসেনসহ অন্যান্য ব্যবসায়ী নেতারা। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে স্বল্প আয়ের মানুষের কাছে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য পৌঁছে দিয়ে আসছেন। তাদের অভিজ্ঞতা ও দক্ষতাকে মূল্যায়ন না করে পুনঃনবায়ন কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলে একদিকে যেমন তারা ক্ষতিগ্রস্ত হবেন, অন্যদিকে ভোগান্তিতে পড়তে পারেন সাধারণ উপকারভোগীরাও।
বক্তারা আরও বলেন, টিসিবির ডিলারশিপ শুধু একটি ব্যবসা নয়; এটি সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই বর্তমান ডিলারদের কার্যক্রম ও কর্মদক্ষতা মূল্যায়ন করে পুনঃনবায়নের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। তারা অবিলম্বে পুনঃনবায়ন বন্ধ রাখার নির্দেশনা প্রত্যাহার করে পূর্বের ন্যায় বিদ্যমান ডিলারদের নবায়নের ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে টিসিবি ডিলারদের পুনঃনবায়ন সংক্রান্ত অনিশ্চয়তা দূর করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়।
এ সময় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত টিসিবি ডিলার ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। মানববন্ধন চলাকালে তারা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করে তাদের ন্যায্য দাবির প্রতি সরকারের সুদৃষ্টি কামনা করেন।





