দেওয়ানগঞ্জ জামালপুর : সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলীফ হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং বিচার দাবিতে জামালপুরের দেওয়ানগঞ্জে দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৯ অক্টোবর সকালে দেওয়ানগঞ্জ মডেল থানার সামনের সড়কে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়, মানববন্ধনে বক্তারা সাংবাদিক আলী হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান, এবং অবিলম্বে এই হত্যাকাণ্ডের জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার দাবি করেন। তারা বলেন দীর্ঘ কয়েক দশক ধরে দেশে সাংবাদিক হত্যাকাণ্ড, সাংবাদিক নির্যাতন অব্যাহত থাকলেও, ক্ষমতাসীন দলের লোকেরা সব সময় তা অগ্রাহ্য করে এসেছে তারা বিচার করতে ব্যর্থ হয়েছে। দোষীদের কে শাস্তি প্রদান করতে ব্যর্থ হয়েছে। এভাবে সাংবাদিক হত্যাকান্ড অব্যাহত থাকলে আগামী দিনে সাংবাদিকরা এই পেশায় এগিয়ে আসবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেন তারা। প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান সাজুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিকা, সিনিয়র সহ-সভাপতি তারেক মাহমুদ, ক্লাবের উপদেষ্টা খাদেমুল ইসলাম, সহ-সভাপতি ফারুক মিয়া, দেলোয়ার হোসেন,আশরাফ হোসেন রাজা,নুরে এলাহী, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ফুলু প্রমুখ।



