সরিষাবাড়ীতে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা গ্রেপ্তার

doinikjamalpurbarta

সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার কয়ড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি শেখ রাসেল। তিনি উপজেলার ডুরিয়ার ভিটা মধ্যপাড়া গ্রামের বাসিন্দা এবং মো. সাহেব আলীর ছেলে। রাজনৈতিক পরিচয়ে তিনি আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, ২০২৪ সালের ২ অক্টোবর সরিষাবাড়ী থানায় দণ্ডবিধি ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের হওয়া একটি মামলার তদন্তের ভিত্তিতে তাকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় ছাত্র-জনতা একটি মিছিল বের করে। মিছিলটি আরামনগর বাজার এলাকা থেকে শুরু হয়ে শিমলাবাজার বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে সেখানে পূর্বপ্রস্তুতি নিয়ে অবস্থান করা একদল লোক হামলা চালায়।

অভিযোগ রয়েছে, শেখ রাসেলসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী লোহার পাইপ, ধারালো অস্ত্র ও ককটেলসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল। তারা মিছিলে ককটেল নিক্ষেপ করে আতঙ্ক সৃষ্টি করে এবং অংশগ্রহণকারীদের ওপর হামলা চালায়। এতে বহু আন্দোলনকারী আহত হন।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইকবাল হোসেন বলেন, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও স্থানীয় অনুসন্ধানে গ্রেপ্তারকৃত ব্যক্তির সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, অভিযুক্ত ব্যক্তি অতীতে এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারের পর বৃহস্পতিবার সকালে তাকে কড়া নিরাপত্তার মধ্যে জামালপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ