অতিরিক্ত ভাড়া নেওয়ায় বকশীগঞ্জে পরিবহন খাতে জরিমানা

doinikjamalpurbarta

ইমরান সরকার, বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি : ঈদুল আযহার পর কর্মস্থলমুখী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে জামালপুরের বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছেন । এ সময় তিনটি মামলায় মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মঙ্গলবার (২ জুন ) দুপুরে বকশীগঞ্জ পৌর শহরে গুরুত্বপূর্ণ সড়ক ও যানবাহন স্ট্যান্ডে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরাদ হোসেন।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন বকশীগঞ্জ থানার এএসআই হাবিবসহ সঙ্গীয় ফোর্স ।

জানা যায়, ঈদের ছুটি শেষে মানুষ কর্মস্থলে ফিরতে শুরু করায় সড়কপথে যাত্রীর চাপ বৃদ্ধি পায়। এ সুযোগে কিছু পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছে এমন অভিযোগ পেয়ে মাঠে নামে উপজেলা প্রশাসন। অভিযানের সময় বিভিন্ন গণ-পরিবহনের যাত্রীদের সঙ্গে কথা বলে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের সত্যতা পাওয়া যায়।

পরে তিনজন সিএনজি ড্রাইভারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তিনটি মামলা দায়ের করা হয় এবং মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোরাদ হোসেন জানান, ঈদ পরবর্তী সময়ে সাধারণ যাত্রীদের নিরাপদ ও হয়রানিমুক্ত যাতায়াত নিশ্চিত করতে প্রশাসন নিয়মিত নজরদারি চালিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে ।

প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ যাত্রীরা।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ