নিজস্ব প্রতিবেদক : জামালপুর পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী সোহেল রানা খানের কর্মী-সমর্থকদের ওপর হামলার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাতে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে পৌর শহরের কেন্দ্রীয় এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সানেক সহ -সভাপতি হাবিবুর রহমান রতন, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইকরামুল হোসেন মানিক, জেলা যুবদলের সদস্য মোঃ জাকির হোসেন জনি সহ প্রমুখ।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, সাম্প্রতিক সময়ে রাজনৈতিকভাবে জনপ্রিয় হয়ে ওঠা এবং সাধারণ মানুষের আস্থা অর্জন করায় একটি মহল পরিকল্পিতভাবে সোহেল রানা খানের নেতাকর্মীদের ভয়ভীতি ও হামলার মাধ্যমে দমন করার চেষ্টা করছে। তারা এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বক্তারা আরও বলেন, জামালপুরে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে হলে সন্ত্রাস, হামলা ও প্রতিহিংসামূলক কর্মকাণ্ড বন্ধ করতে হবে।
একটি গণতান্ত্রিক সমাজে সকলের মতপ্রকাশ ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অধিকার রয়েছে। কিন্তু একটি কুচক্রী মহল সেই পরিবেশকে নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে।
সমাবেশ থেকে জামালপুর-৫ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনের প্রতি নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি সব পক্ষের অভিভাবক।
তাই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।
এসময় বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভবিষ্যতে এ ধরনের হামলা ও হয়রানির ঘটনা পুনরাবৃত্তি হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। তবে তারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমেই নিজেদের দাবি আদায়ের প্রত্যয় ব্যক্ত করেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে সোহেল রানা খানের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক, যুবসমাজ ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। পুরো কর্মসূচিতে উত্তেজনা থাকলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।





