জামালপুর সদরের এমপি ওয়ারেছ আলী মামুনের বিশেষ সহকারী হলেন তরুণ নেতা সুমন আহমেদ

doinikjamalpurbarta

শাহ আলম, জামালপুর : জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুনের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ বিএনপি নেতা মোঃ সুমন আহমেদ।

মেধাবী, সৎ ও বিনয়ী হিসেবে পরিচিত সুমন আহমেদ বর্তমানে জামালপুর সদর উপজেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।
সুমন আহমেদ জামালপুর সদর উপজেলার ১৪ নং দিগপাইত ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের (৫ নং ওয়ার্ড) বাসিন্দা মোঃ হাছেন আলীর একমাত্র পুত্র। পরিচ্ছন্ন ভাবমূর্তির এই তরুণ নেতা ব্যক্তিগত জীবনে এখনো অবিবাহিত।

বিএনপি পরিবারে জন্ম নেওয়া সুমন আহমেদ ২০০৬ সালে স্কুল জীবন থেকেই রাজনীতির সাথে যুক্ত হন। তৎকালীন দিগপাইত ইউনিয়ন বিএনপির প্রভাবশালী নেতা মরহুম আঃ হাই সরকারের হাত ধরে তিনি এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুনের একজন কনিষ্ঠ কর্মী হিসেবে ওয়ার্ড ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় হন।

পরবর্তীতে তিনি দিগপাইত ইউনিয়ন ছাত্রদলের (সোহেল-রেজুয়ান কমিটি) যুগ্ম আহ্বায়ক, সদর দক্ষিণ উপজেলা ছাত্রদলের (মুকুল-কামরুল কমিটি) সহ-সভাপতি এবং ঢাকার সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের (মাসুম-হিমেল কমিটি) সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি উপজেলা বিএনপির গুরুত্বপূর্ণ পদে আসীন রয়েছেন।

ছাত্রজীবন থেকেই অত্যন্ত মেধাবী সুমন আহমেদ ঢাকার সরকারি তিতুমীর কলেজ থেকে গণিত বিষয়ে স্নাতক (বিএসসি) ও স্নাতকোত্তর (এমএসসি) ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি ঐতিহ্যবাহী সেন্ট্রাল ল কলেজে আইন বিষয়ে অধ্যয়নরত।

রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে এবং ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকায় তিনি বিগত সময়ে বিভিন্ন সরকারি চাকরির সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। তবে রাজপথের আন্দোলন-সংগ্রামে তিনি ছিলেন আপসহীন। হরতাল, অবরোধ ও ১৪৪ ধারা ভঙ্গসহ দলীয় প্রতিটি কর্মসূচিতে তিনি সম্মুখভাগে থেকে নেতৃত্ব দিয়েছেন।

সুমন আহমেদ ঢাকা এবং জামালপুর—উভয় জায়গার রাজনীতিতেই সমানভাবে সক্রিয়। তার ইতিবাচক মনোভাব, সাংগঠনিক দক্ষতা এবং মেধার কারণে তিনি জননেতা এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুনের অত্যন্ত আস্থাভাজন ও স্নেহভাজন হয়ে উঠেছেন।

কেবল দলীয় রাজনীতিতেই নয়, বিভিন্ন সামাজিক সংগঠনে নেতৃত্ব দিয়ে এবং সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়িয়ে তিনি দল-মত নির্বিশেষে এলাকার সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পাওয়ার পর সুমন আহমেদ জানান, তার একমাত্র লক্ষ্য হলো মাননীয় সংসদ সদস্য এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুনের দিকনির্দেশনায় আজীবন মানুষের কল্যাণে কাজ করে যাওয়া। তার এই নিয়োগে দিগপাইত ইউনিয়নসহ সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মাঝে আনন্দ বিরাজ করছে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ