এস আলম, জামালপুর : জামালপুর সদর উপজেলায় গ্রাম আদালত কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে দিনব্যাপী বিশেষ মতবিনিময় সভা এবং গ্রাম আদালত বিষয়ক ভিডিওশো প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলার তিতপল্লা, মেষ্টা ও দিগপাইত—এই তিনটি ইউনিয়নে পৃথক পৃথকভাবে এই কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিগুলোতে গ্রাম আদালতের গুরুত্ব, আইনি সেবা প্রাপ্তির সহজলভ্যতা এবং বিরোধ নিষ্পত্তিতে এর কার্যকারিতা তুলে ধরে সাধারণ মানুষকে সচেতন করা হয়। ভিডিও প্রদর্শনীতে নাটিকা ও প্রামাণ্যচিত্রের মাধ্যমে গ্রাম আদালতের আইনি প্রক্রিয়াসমূহ জনসাধারণের সামনে তুলে ধরা হয়।
অনুষ্ঠানগুলোতে প্রধান সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমন্বয়কারী শিবলী। এছাড়াও প্রতিটি ইউনিয়নের প্রতিনিধিগণ নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থেকে কার্যক্রম পরিচালনা করেন:
দিগপাইত ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রাহাত হোসেন,তিতপল্লা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সফিকুল ইসলাম,মেষ্টা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মাসুম মিয়া।
এসময় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য, প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে উপস্থিত জনসাধারণের অংশগ্রহণে গ্রাম আদালত বিষয়ক একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সঠিক উত্তরদাতা ও বিজয়ীদের মধ্যে উৎসাহ প্রদানের লক্ষ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিটি ইউনিয়ন থেকে বাছাইকৃত ১০ জন বিজয়ীর হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালত এখন সাধারণ মানুষের ভরসার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এই ধরণের প্রচারণামূলক কার্যক্রম গ্রাম আদালতকে তৃণমূল পর্যায়ে আরও জনপ্রিয় করে তুলবে।





