নিজস্ব প্রতিবেদক, দক্ষিণ কোরিয়া : পবিত্র রমজান মাসে সাহরির সময় ঘটে গেল এক হৃদয়বিদারক দুর্ঘটনা।
দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মির্জা মেহেদী (২৫) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী। শনিবার (১৪ মার্চ) ভোররাতে স্থানীয় সময় সাহরির মুহূর্তে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় মুহূর্তেই নিভে যায় সম্ভাবনাময় এক তরুণ জীবনের প্রদীপ।
জানা যায়, নিহত মির্জা মেহেদীর বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানায়। স্বপ্ন আর পরিবারকে সুখী করার অদম্য ইচ্ছা নিয়ে প্রায় তিন বছর আগে তিনি স্টুডেন্ট ভিসায় দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমান।
শুরুতে ডি–৪ ভিসায় ভাষা শিক্ষা গ্রহণের মাধ্যমে তার প্রবাস জীবনের যাত্রা শুরু হয়। পরবর্তীতে ডি–২ ভিসায় উচ্চশিক্ষার সুযোগ পেয়ে তিনি নিজের স্বপ্নকে আরও বড় পরিসরে এগিয়ে নিতে থাকেন। কিয়ংডং বিশ্ববিদ্যালয়ে ভাষা শিক্ষা সম্পন্ন করার পর তিনি বর্তমানে সেজং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেদী দক্ষিণ কোরিয়ার সকচো এলাকায় বসবাস করতেন। শনিবার ভোররাতে সাহরির সময় তিনি দুই বাংলাদেশি বন্ধুকে সঙ্গে নিয়ে গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছিলেন। কিন্তু পথের মাঝেই ঘটে যায় সেই মর্মান্তিক ঘটনা।
হঠাৎ করে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে প্রচণ্ড বেগে ধাক্কা খেয়ে উল্টে যায়। দুর্ঘটনার ভয়াবহতায় ঘটনাস্থলেই নিথর হয়ে পড়েন মির্জা মেহেদী।
গাড়িতে থাকা অপর দুই বাংলাদেশি বন্ধু অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান এবং অক্ষত অবস্থায় উদ্ধার হন। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। পরে নিহত মেহেদীর মরদেহ উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালের মর্গে রাখা হয়।
হঠাৎ এমন করুণ মৃত্যুতে দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে শোক আর বেদনার বার্তা। অনেকেই মরহুম মির্জা মেহেদীর রূহের মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
প্রবাসে স্বপ্ন নিয়ে পাড়ি দেওয়া এক তরুণের এমন করুণ পরিণতি যেন আবারও স্মরণ করিয়ে দিল—জীবন কত অনিশ্চয়তায় ভরা। তার অকাল প্রয়াণে পরিবার, স্বজন ও প্রবাসী বাংলাদেশিদের হৃদয়ে সৃষ্টি হয়েছে অপূরণীয় শূন্যতা।।





