মোঃ রশীদুল আলম শিকদার, দেওয়ানগঞ্জ প্রতিনিধি : জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নর প্রত্যন্ত অঞ্চলে পবিত্র রমজান মাস উপলক্ষে গরীব ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মানবিক এ উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
ল্যান্ডমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রজন্ম সংবাদের প্রকাশক খন্দকার শরীফের আয়োজনে এবং আন্তর্জাতিক মানবিক সংস্থা কাতার চ্যারিটির সহযোগিতায় মোট ৩০০টি অসহায় পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, রমজানে যেন কোনো পরিবার খাদ্য সংকটে না থাকে, সে লক্ষ্যেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
প্রতিটি পরিবারের জন্য ৫ লিটার সয়াবিন তেল, ২৫ কেজি চাল, ৩ কেজি খেজুর, ৩ কেজি ছোলা, ২ কেজি চিনি ও ২ কেজি ডাল প্রদান করা হয়। বিতরণ কার্যক্রম সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয় এবং উপকারভোগীদের মাঝে স্বস্তি ও আনন্দের অনুভূতি লক্ষ্য করা যায়।
খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগীরা আয়োজক ও সহযোগী প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। আয়োজক পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের পাশে থাকার প্রচেষ্টা অব্যাহত থাকবে।





