রশিদপুর চৌরাস্তায় ধানের শীষের গণজোয়ার গণতন্ত্র পুনরুদ্ধারে ভোটের মাঠে ঐক্যের আহ্বান

doinikjamalpurbarta

শাহ আলম জামালপুর : জামালপুর সদর উপজেলার ১৫ নম্বর রশিদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী চৌরাস্তায় ধানের শীষের সমর্থনে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল নির্বাচনী পথসভা ও গণজমায়েত। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ১, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির যৌথ আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভাস্থলে কয়েক হাজার নারী ও পুরুষ ভোটারের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এলাকাজুড়ে সৃষ্টি করে উৎসবমুখর পরিবেশ। গণজমায়েতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর সদর-৫ আসনের ধানের শীষের প্রার্থী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন।

বক্তব্যে তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কেবল একটি ভোটের লড়াই নয়, এটি গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রাম। তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এই আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান।

শংকরপুর ভোট কেন্দ্র কমিটির আহ্বায়ক ও জেলা আইনজীবী সমিতির দায়িত্বপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট জামিল হাসান তাপসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ সফিউর রহমান শফি, সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন মিলন, জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক মোকছেদুর রহমান হারুন, জেলা মহিলা দলের সভানেত্রী সেলিনা বেগম এবং রশিদপুর ইউনিয়নের নির্বাচনী কো-অর্ডিনেটর মোঃ সিপার মেহেদী ফেরদৌস।

এছাড়াও রশিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক মোঃ আজাহারুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ফারুক পাহলোয়ানসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি আরও সুসংহত করে ধানের শীষের বিজয় নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই এই নির্বাচনে বিজয় অর্জন সম্ভব।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ