আতিকুর রহমান সাজু : জামালপুরের দেওয়ানগঞ্জে কষ্টিপাথর সাদৃশ ৪ কেজি ৮৫০ গ্রাম বস্তুসহ ৮ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার দায়ের করে বিকেলে আদালতে প্রেরণ করা হয়।
জেলা গোয়েন্দা শাখা ডিবি ০২ সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া বাজার এলাকায় টিনের তৈরি একটি ইলেকট্রিশিয়ানের দোকানের পেছনের কক্ষে অভিযান চালিয়ে ৮ জনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে কষ্টিপাথর সদৃশ বস্তুটি উদ্ধার করা হয়। উদ্ধার করা বস্তুটি প্রকৃত কষ্টিপাথর হলে এর আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা হবে বলে জানা গেছে।
আটককৃত ব্যক্তিরা হলেন দেওয়ানগঞ্জ উপজেলার চকপাড়া গ্রামের সাইদুল ইসলাম (৪১), তারাটিয়া বাজারের ফরহাদ হোসেন (৩৫), মদ্দেরচর গ্রামের বাবু মিয়া (৪২) ও পোড়াভিটা গ্রামের ফেলু মিয়া (৩১)। অন্য ৪ জন হল, টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বাগুয়া গ্রামের আমজাদ হোসেন (৭০), গোপালপুর উপজেলার সুতীগোপালপুর গ্রামের জোয়াহের (৫৩), ধনবাড়ী উপজেলার মুশুদ্দি দক্ষিণপাড়া গ্রামের সবুজ মিয়া (৪৪) ও কামরুজ্জামান ওরফে রিপন (৬০)।
জেলা গোয়েন্দা শাখা ডিবি-(২)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজীব রহমান জানান, আমরা স্বর্ণকার দিয়ে প্রাথমিকভাবে পরীক্ষা করে নিশ্চিত হয়েছি যে উদ্ধারকৃত বস্তুটি কষ্টিপাথর, আরও অধিকতর পরীক্ষার শেষে বিষয়টি শতভাগ নিশ্চিত হওয়া যাবে।
জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনের নির্দেশনায় ডিবি-২-এর একটি দল উক্ত অভিযান পরিচালনা করে শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া অন্যান্য মামলায় আরো ৩ জন সহ মোট ১১ জনকে আটক করে মামলা দায়ের সাপেক্ষে আদালতে প্রেরণ করা হয়েছে।।



