জামালপুর প্রতিনিধি : দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত দেশের অন্যতম বৃহৎ যমুনা সার কারখানায় ফের ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে।
মঙ্গলবার রাত ৩টা ১০ মিনিটে প্রয়োজনীয় গ্যাসের চাপ পাওয়ার পর কারখানাটিতে পুরোদমে দানাদার ইউরিয়া উৎপাদন শুরু হয়।
কারখানা কর্তৃপক্ষ জানায়, গ্যাস সংকটের কারণে চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি থেকে উৎপাদন বন্ধ ছিল। পরে গত ২০ সেপ্টেম্বর তিতাস গ্যাস কর্তৃপক্ষ পুনরায় গ্যাস সরবরাহ শুরু করলে স্টার্ট-আপ কার্যক্রম শুরু হয়। তবে পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকায় এতদিন মূল উৎপাদনে যাওয়া সম্ভব হয়নি।
সংশ্লিষ্টরা জানান, উৎপাদন বন্ধ থাকলেও স্টার্ট-আপ কার্যক্রম চালাতে প্রতিদিন প্রায় আড়াই থেকে তিন কোটি টাকার গ্যাস ব্যবহার হয়েছে। এতে উৎপাদন ছাড়াই সরকারের বিপুল অর্থ ব্যয় হয়েছে।
যমুনা সার কারখানার দৈনিক ইউরিয়া উৎপাদন ক্ষমতা ১ হাজার ৭০০ মেট্রিক টন। তবে যান্ত্রিক সীমাবদ্ধতার কারণে বর্তমানে প্রতিদিন প্রায় ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ মেট্রিক টন উৎপাদন সম্ভব হচ্ছে।
জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, রাজবাড়ীসহ উত্তরাঞ্চলের ২১টি জেলায় সার সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কারখানাটি। ১৯৯০ সালে প্রতিষ্ঠিত এই কারখানায় ১৯৯১ সাল থেকে উৎপাদন কার্যক্রম চলছে।
যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক আফাজ উদ্দিন উৎপাদন শুরুর বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট সবার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন।।



