দিগপাইত-সরিষাবাড়ী মহাসড়কের বেহাল দশা: প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা সংস্কারের দাবি স্থানীয়দের।

doinikjamalpurbarta

শাহ আলম, জামালপুর : জামালপুরের দিগপাইত উপশহরের গুরুত্বপূর্ণ দিগপাইত-সরিষাবাড়ী মহাসড়কটির বেহাল দশার কারণে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ ও যাতায়াতকারীরা।

খানাখন্দে ভরা এই সড়কে প্রতিদিন ঘটছে ছোট-বড় দুর্ঘটনা, বিকল হচ্ছে বিভিন্ন যানবাহন। যেকোনো সময় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন এই সড়ক দিয়ে হাজার হাজার যানবাহন ও সাধারণ মানুষ নিজেদের তাগিদে বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন।

কিন্তু দিগপাইত উপশহরের একটু পশ্চিম পাশেই সড়কের পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই সেসব গর্তে পানি জমে মরণফাঁদে পরিণত হয়। প্রতিদিন কোনো না কোনো যানবাহন উল্টে পড়ে যাওয়ার ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।

এতে চরম ক্ষোভ প্রকাশ করেছেন উপশহরবাসী। স্থানীয়দের দাবি, দ্রুত রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করা না হলে যেকোনো মুহূর্তে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যেতে পারে।

এ বিষয়ে ১৪ নং দিগপাইত ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. রাহাত হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, জনগণের দুর্ভোগের বিষয়টি তারা অবগত আছেন।

দ্রুত সময়ের মধ্যে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সাথে কথা বলে পরিষদের উদ্যোগে রাস্তাটি সংস্কার করে সাময়িকভাবে চলাচলের উপযোগী করার আশ্বাস প্রদান করেন।

দুর্ভোগ লাঘবে ও বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুত এই মহাসড়কের ক্ষতিগ্রস্ত অংশটি সংস্কারের জন্য জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী ও চালকরা।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ