নিজস্ব প্রতিবেদক : জামালপুরের বকশীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৮১২ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৪ লাখ ৮ হাজার ৫১০ টাকা উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় মাদক ব্যবসায়ী মো. রুবেল মিয়া (৩৫) পালিয়ে যায়।
রোববার (৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বকশীগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চরকাউরিয়া সীমারপাড় চড়িয়া পাড়া এলাকায় রুবেল মিয়ার নিজ দখলীয় টিনের বসতঘরে এ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, জামালপুর।
অভিযানে একটি স্বচ্ছ প্লাস্টিকের বয়ামের ভেতর চারটি কালো জিপারযুক্ত পলিপ্যাকে রাখা অ্যামফিটামিনযুক্ত ৮১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ৮১ গ্রাম। একই বয়ামের ভেতর থেকে মাদক বিক্রির ৪ লাখ ৮ হাজার ৫১০ টাকা নগদ অর্থও উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, উদ্ধারকৃত নগদ অর্থ বাদে ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৬ হাজার টাকা।
এ ঘটনায় পলাতক আসামি মো. রুবেল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বকশীগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলার বাদী হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ।।





