নিজস্ব প্রতিবেদক : বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে জামালপুরের ইসলামপুর উপজেলার ৫০০ পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার গুঠাইল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ মো. জুবায়ের।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বন্যা-পরবর্তী সময়ে স্বাস্থ্যঝুঁকি বেড়ে যায়। এ সময় ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত জরুরি। দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি সময়োপযোগী এই উদ্যোগের মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে, যা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা ও সামাজিক সংগঠনগুলো এভাবে এগিয়ে এলে দুর্যোগ মোকাবিলা আরও কার্যকর হবে।”
দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরী বলেন, “দোস্ত এইড বিশ্বাস করে—মানুষের দুর্দিনে পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় দায়িত্ব। বন্যার কারণে অনেক পরিবার স্বাস্থ্য ও পরিচ্ছন্নতাবিষয়ক প্রয়োজনীয় সামগ্রী থেকে বঞ্চিত হয়। সেই বিষয়টি বিবেচনায় রেখেই আমরা ৫০০ পরিবারের হাতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দিয়েছি। ভবিষ্যতেও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে দোস্ত এইড।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিনাডুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. ছালাম, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিতরণকৃত প্রতিটি স্বাস্থ্য সুরক্ষা প্যাকেটে নারীদের জন্য স্যানিটারি ন্যাপকিন, পরিবারের সদস্যদের জন্য টুথপেস্ট, টুথব্রাশ, শ্যাম্পু, ডিটারজেন্ট পাউডার, বিউটি সোপ, অ্যান্টিসেপটিক লিকুইডসহ প্রয়োজনীয় স্বাস্থ্য ও পরিচ্ছন্নতাসামগ্রী ছিল। এসব সামগ্রী বন্যাদুর্গত পরিবারগুলোর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি জানায়, মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা, স্বাস্থ্যসেবা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও সংকটে অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে সংগঠনটি।





