নিজস্ব প্রতিবেদক : জামালপুরে ছাগল ও ভেড়ার বিভিন্ন রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
‘পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ (৩য় সংশোধিত) প্রকল্পের’ আওতায় এ টিকাদান কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতা জামালপুর সদর-এর বাস্তবায়নে এবং পিপিআর নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্প, প্রাণিসম্পদ অধিদপ্তর, ঢাকার সহযোগিতায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ছানোয়ার হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আখতার, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন মিলন সহ প্রমুখ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ওয়ারেছ আলী মামুন বলেন, “প্রান্তিক খামারি ও কৃষকদের গবাদিপশুর স্বাস্থ্য সুরক্ষায় সরকারের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। পিপিআর ও ক্ষুরারোগের মতো প্রাণঘাতী ব্যাধি থেকে ছাগল ও ভেড়াকে রক্ষা করতে পারলে গ্রামীণ অর্থনীতি আরও সুদৃঢ় হবে এবং খামারিরা আর্থিক ক্ষতির হাত থেকে বাঁচবেন। সকল খামারিকে এই টিকাদান সুবিধার আওতায় আনার জন্য সবাইকে সচেতন ও একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে ছাগল ও ভেড়ার পিপিআরসহ বিভিন্ন রোগ প্রতিরোধে টিকা প্রদান করা হয়। সংশ্লিষ্টরা জানান, এ ধরনের টিকাদান কর্মসূচির মাধ্যমে প্রাণিসম্পদের রোগ নিয়ন্ত্রণের পাশাপাশি খামারি ও গৃহপালিত পশুর মালিকদের অর্থনৈতিক ক্ষতি কমানো সম্ভব হবে।।





