বিকাশের নাম ভাঙিয়ে প্রতারণার চেষ্টা

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিবেদক : বিকাশের নাম ভাঙিয়ে নতুন কৌশলে প্রতারণার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। এবার জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমানকে ফোন করে প্রতারণার চেষ্টা করে একটি চক্র। তবে তিনি সতর্ক থাকায় তাদের চেষ্টা ব্যর্থ হয়।

ভুক্তভোগী লুৎফর রহমান জানান, বুধবার (৫ আগস্ট) সকালে ০১৮৭৭-৮২২৯৩৯ নম্বর থেকে এক ব্যক্তি ফোন করে নিজেকে একটি ফার্মেসির দোকানদার পরিচয় দেন। তিনি দাবি করেন, এক নারী গ্রাহকের বিরুদ্ধে অভিযোগ (জিডি/কেস) করার সময় ভুলবশত লুৎফর রহমানের মোবাইল নম্বর বিকাশে অভিযোগ হিসেবে পাঠানো হয়েছে।

ফোনকারী আরও বলেন, বিষয়টি সমাধানের জন্য বিকাশের “হেড অফিসে” যোগাযোগ করতে হবে। এরপর তিনি ০৯৬৫৮-৯৩৮০৪৪ নম্বর দিয়ে সেখানে যোগাযোগ করার পরামর্শ দেন। পাশাপাশি ভয় দেখিয়ে বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় মোবাইল সিম বা বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হতে পারে।

পরে ওই ০৯৬৫৮-৯৩৮০৪৪ নম্বর থেকে আরেক ব্যক্তি নিজেকে বিকাশের হেড অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে যোগাযোগ করেন এবং বিভিন্ন তথ্য নেওয়ার চেষ্টা করেন। তবে কথোপকথনে অসঙ্গতি ধরা পড়ায় লুৎফর রহমান বিষয়টি বুঝতে পারেন এবং কোনো ব্যক্তিগত বা আর্থিক তথ্য না দিয়ে কলটি বিচ্ছিন্ন করেন। ফলে প্রতারকদের চেষ্টা ব্যর্থ হয়।

সচেতন মহলের মতে, প্রতারক চক্র বিভিন্ন সময় বিকাশ, নগদ, ব্যাংক বা মোবাইল অপারেটরের কর্মকর্তা পরিচয়ে ফোন করে গ্রাহকদের ভয়ভীতি দেখিয়ে ব্যক্তিগত তথ্য, ওটিপি, পিন নম্বর বা অন্যান্য গোপন তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। এ ধরনের ফোন পেলে আতঙ্কিত না হয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিসিয়াল হটলাইন বা গ্রাহকসেবা নম্বরে যোগাযোগ করে তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ