নিজস্ব প্রতিবেদক : জামালপুরের হাজরাবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পরীক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজরাবাড়ী পৌর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও ৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ মুসা মিয়া। তিনি বিদায়ী শিক্ষার্থীদের মাঝে পরীক্ষার প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন এবং তাদের ভবিষ্যৎ সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, জীবনের গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় সফল হতে হলে একাগ্রতা, পরিশ্রম ও আত্মবিশ্বাসের বিকল্প নেই। তারা শিক্ষার্থীদের সততা ও নৈতিকতার সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে মোঃ মুসা মিয়া বলেন, “তোমরাই দেশের ভবিষ্যৎ। তোমাদের সাফল্যের মধ্য দিয়েই জাতির অগ্রযাত্রা আরও এগিয়ে যাবে। মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।” তিনি সবসময় শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস দেন।
অনুষ্ঠানের শেষপর্বে শিক্ষার্থীদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়, যাতে তারা সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন করে উজ্জ্বল ফলাফল অর্জন করতে পারে। বিদায়ী শিক্ষার্থীদের চোখে-মুখে ছিল আবেগ, ভালোবাসা আর নতুন স্বপ্নের প্রত্যয়।
সার্বিকভাবে প্রাণবন্ত এই আয়োজন শিক্ষার্থীদের মনে অনুপ্রেরণা জাগিয়ে তুলেছে এবং তাদের সামনে এগিয়ে যাওয়ার পথকে আরও সুদৃঢ় করেছে।।





