নিজস্ব প্রতিবেদক : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বরাবর দায়ের করা এক লিখিত অভিযোগে সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের (সিএএবি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ই/এম) জনাব শুভাশীষ বড়ুয়ার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি, অনিয়ম ও ঠিকাদার সিন্ডিকেটের মাধ্যমে দীর্ঘদিন ধরে প্রকল্প বাস্তবায়নের অভিযোগ আনা হয়েছে।
অভিযোগপত্রে দাবি করা হয়, বিগত ১৫ বছরে বিভিন্ন বিমানবন্দরের রানওয়ে লাইটিং, ট্যাক্সিওয়ে লাইটিং, সাব-স্টেশনসহ একাধিক বড় প্রকল্প নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানের মাধ্যমে বাস্তবায়ন করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শাওন ইলেক্ট্রিক, দুলাল এন্টারপ্রাইজ এবং মেসার্স আতিক কনস্ট্রাকশনের নাম উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, প্রশাসনিক অনুমোদন, টেন্ডার মূল্যায়ন, ডেভিয়েশন ও বিল পরিশোধের বিভিন্ন ধাপে কমিশন গ্রহণ করা হতো।
অভিযোগে বরিশাল, যশোর, রাজশাহী, সৈয়দপুর, শাহ আমানত ও কক্সবাজার বিমানবন্দরের বিভিন্ন প্রকল্পের কথাও উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে অভিযোগকারীরা দাবি করেন, সংশ্লিষ্ট কর্মকর্তা ও তার ঘনিষ্ঠদের মাধ্যমে দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট গড়ে তুলে প্রকল্প বাস্তবায়ন ও অর্থ সংগ্রহ করা হয়েছে।
লিখিত অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত কর্মকর্তা প্রধান প্রকৌশলী পদে পদোন্নতির আলোচনায় রয়েছেন। এ অবস্থায় তাকে ওই পদে নিয়োগ না দিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগ যাচাই করার দাবি জানানো হয়েছে।
অভিযোগপত্রের অনুলিপি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান এবং সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের চেয়ারম্যান বরাবরও পাঠানো হয়েছে।





