সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে বিশ্ব পরিবেশ দিবসে বকশীগঞ্জে ৫ শতাধিক গাছের চারা বিতরণ

doinikjamalpurbarta

ইমরান সরকার, বকশীগঞ্জ প্রতিনিধি : ” প্রকৃতি থেকে অনুপ্রেরণায়, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের দিগলাকোনা মিশন স্কুল প্রাঙ্গণে বেসরকারি উন্নয়ন সংস্থা আলোক কোরে-২ প্রকল্পের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের মাঝে ৫ শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।

গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন। তিনি বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই।

একটি গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নিতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম। তিনি বলেন, “ফলজ ও বনজ গাছ পরিবেশ সংরক্ষণের পাশাপাশি অর্থনৈতিকভাবেও মানুষের উপকারে আসে। শিক্ষার্থীদের মধ্যে গাছ লাগানোর আগ্রহ সৃষ্টি করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”

এ সময় উপস্থিত ছিলেন আলোক কোরে-২ প্রকল্পের সভাপতি এল.এম.সি অনন্ত ম্রং, পাল পুরোহিতী ধর্মপল্লীর ফাদার ইলিয়াস হেমব্রম, আলোক কোরে-২ প্রকল্পের মাঠ কর্মকর্তা অতুল ম্রং, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি এমদাদুল হক লালনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে আম, লিচু, লেবু, মেহগনি, অর্জুনসহ বিভিন্ন প্রজাতির ৫ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচি স্থানীয়দের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং বৃক্ষরোপণে উৎসাহ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ