নিজস্ব প্রতিবেদক : “প্রোগ্রাম অব এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টাপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ” এর উদ্যোগে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (আজ) সকালে সদর উপজেলা হলরুমে আয়োজিত এ কংগ্রেসে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, উন্নয়নকর্মী ও সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আক্তার এর সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এমদাদুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) সালমা আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে সালমা আক্তার বলেন, বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে হলে কৃষিকে আধুনিকায়নের পাশাপাশি পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নের বিষয়টিকে সমান গুরুত্ব দিতে হবে। তিনি বলেন,
“এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নতুন উদ্যোক্তা সৃষ্টি করা সম্ভব হবে, যা দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, “কৃষি শুধু খাদ্য উৎপাদনের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি এখন একটি সম্ভাবনাময় ব্যবসায়িক খাত। তরুণদের কৃষিভিত্তিক উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারলে কর্মসংস্থান বাড়বে এবং গ্রামীণ দারিদ্র্য হ্রাস পাবে।”
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আক্তার বলেন, “এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে বাস্তবায়ন হলে পুষ্টি, কৃষি ও অর্থনীতির মধ্যে একটি সমন্বিত উন্নয়ন ঘটবে। সকল অংশীজনকে একসাথে কাজ করার মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে।”
কংগ্রেসে অংশগ্রহণকারীরা কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি উন্নয়ন, জলবায়ু সহনশীলতা এবং গ্রামীণ উদ্যোক্তা তৈরির বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন।
পাশাপাশি প্রকল্পের কার্যক্রম, সফলতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা এই উদ্যোগকে আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।।





