নিজস্ব প্রতিবেদক : জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কর্মী সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ মে) বিকেলে ইসলামপুর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মী সমাবেশে উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে মিলনায়তন পরিণত হয় এক প্রাণবন্ত রাজনৈতিক মিলনমেলায়।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আতিকুর রহমান সুমিল।
তিনি বলেন, ছাত্রদল অতীতের ন্যায় আগামীতেও গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে। সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জামালপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক।
তিনি বলেন, তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে আদর্শিক ও শক্তিশালী ছাত্রসমাজ গড়ে তুলতে হবে। একইসঙ্গে তিনি ছাত্রদলের প্রতিটি ইউনিটকে সক্রিয় ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।
ইসলামপুর উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ সাদমান শাকিব রিফাতের সভাপতিত্বে এবং ইসলামপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ শাকিল আহমেদ পাপন ও ইসলামপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ নাঈম ইসলাম নীরের যৌথ সঞ্চালনায়।
অনুষ্ঠিত কর্মী সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম নবাব, পৌর বিএনপি,র সভাপতি আলহাজ্ব রেজাউল করিম ঢালী,সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শামীম আহম্মেদ,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহাদী হাসান রেমিন,সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিবুল হাসান রাকিব,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোসাব্বির হাসান মিথুন সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করা, তরুণ সমাজকে রাজনীতিতে সম্পৃক্ত করা এবং গণতান্ত্রিক আন্দোলনকে গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। পুরো অনুষ্ঠানজুড়ে নেতাকর্মীদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
সমাবেশ শেষে নেতাকর্মীরা সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত এবং কাউন্সিলের দাবিতে স্লোগানে স্লোগানে মুখরিত হয় ইসলামপুর উপজেলা অডিটোরিয়াম।।





