জামালপুর প্রতিনিধি : মাদকমুক্ত শহর গড়তে জামালপুরে সন্দেহভাজন মাদকাসক্তদের ডোপ টেস্টের আওতায় আনার কার্যক্রম শুরু করেছে জেলা পুলিশ। পুলিশ সুপার ফারহানা ইয়াসমিনের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) জামালপুর শহরে চারজন সন্দেহভাজন মাদকাসক্তকে ডোপ টেস্ট করানো হয়। পরীক্ষায় তাদের শরীরে মাদকের অস্তিত্ব পাওয়া গেলে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে তাদের কারাগারে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শহরকে মাদকমুক্ত করতে নিয়মিত মাদকবিরোধী অভিযানের পাশাপাশি সন্দেহভাজন মাদকাসক্তদের শনাক্ত করে ডোপ টেস্টের জন্য সিভিল সার্জন কার্যালয়ে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে মাদক কারবারিদের বিরুদ্ধেও অভিযান জোরদার করা হচ্ছে।
পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন বলেন, ডোপ টেস্টের মাধ্যমে মাদকাসক্তদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়া একটি ব্যয়বহুল কার্যক্রম। এরপরও জামালপুর শহরকে মাদকমুক্ত রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। এ কাজে সিভিল সার্জনের সহযোগিতা নেওয়া হচ্ছে। এমনকি ব্যক্তিগত অর্থায়নেও কার্যক্রমটি এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন তিনি।
তিনি আরও বলেন, জামালপুর শহরকে দ্রুত মাদকমুক্ত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।





