জামালপুর প্রতিনিধি : জামালপুরে শুরু হয়েছে শিল্প ও পণ্য মেলা–২০২৬। শহরের পুরাতন পুলিশ লাইন্স মাঠে বসেছে এ মেলা।
বুধবার (৭ অক্টোবর) রাত ৮টায় আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
উদ্বোধনকে ঘিরে পুরাতন পুলিশ লাইন্স মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সন্ধ্যার পর থেকেই মেলা প্রাঙ্গণে বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতি বাড়তে থাকে। উদ্বোধনের পর দর্শনার্থীরা ঘুরে দেখেন মেলার বিভিন্ন স্টল।
মেলায় দেশীয় ও স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন পণ্য, পোশাক, হস্তশিল্প, গৃহস্থালি সামগ্রীসহ নানা ধরনের পণ্যের স্টল স্থান পেয়েছে। পাশাপাশি দর্শনার্থীদের আকৃষ্ট করতে বিভিন্ন ধরনের আয়োজনও রাখা হয়েছে।
মেলায় আসা দর্শনার্থীরা জানান, একই স্থানে বিভিন্ন ধরনের পণ্য দেখার ও কেনাকাটার সুযোগ থাকায় তারা মেলায় এসে স্বাচ্ছন্দ্যবোধ করছেন। পরিবার-পরিজন নিয়ে মেলা ঘুরে দেখতেও অনেকে আসছেন।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, শিল্প ও পণ্য মেলার অন্যতম উদ্দেশ্য হচ্ছে দেশীয় পণ্য ও উদ্যোক্তাদের পরিচিতি বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে তাদের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করা। এতে স্থানীয় ব্যবসায়ী ও ক্ষুদ্র উদ্যোক্তারা উপকৃত হওয়ার পাশাপাশি দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণেও ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজক কমিটির সদস্য, ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পুরাতন পুলিশ লাইন্স মাঠে আয়োজিত এ মেলা ঘিরে এরই মধ্যে নগরবাসীর মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। আয়োজকদের প্রত্যাশা, মেলার পুরো সময়জুড়ে দর্শনার্থীদের উপস্থিতি আরও বাড়বে এবং এটি জামালপুরবাসীর জন্য কেনাকাটা ও বিনোদনের একটি আকর্ষণীয় আয়োজন হয়ে উঠবে।।





