নিজস্ব প্রতিবেদক : কুটামনি উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক হাবিবা আক্তারের অবসর জনিত বিদায় সংবর্ধনা ও ২৬ সালের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৬ এপ্রিল বৃহস্পতিবার জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী কুটামনি উচ্চ বিদ্যালয়ের বর্ষীয়ান ও সিনিয়র শিক্ষক মোছাঃ হাবিবা আক্তারের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
দীর্ঘ কর্মময় জীবন শেষে তাঁর এই বিদায়লগ্নে বিদ্যালয় প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সকাল ১০টায় আমন্ত্রিত অতিথিদের আসন গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয় এবং সকাল সাড়ে ১০টায় বিদায় সংবর্ধনার মূল পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুটামনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খোরশীদ আলাম।
এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দুয়া ইউনিয়নের সোনাকাতা গ্রামের কৃতি সন্তান মোঃ রুহুল আমিন মিলন। এছাড়াও কুটামনি উচ্চ বিদ্যালয় ও ১নং কুটামনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক—শিক্ষিকা, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বিদায়ী শিক্ষককে সম্মাননা জানান এবং তাঁর অবসর জীবনের সুস্বাস্থ্য ও শান্তি কামনা করেন।
অনুষ্ঠানে দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকার পরিবারের পক্ষ থেকে বিদায়ী সিনিয়র শিক্ষক মোছাঃ হাবিবা আক্তারের হাতে বিশেষ উপহার তুলে দেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ রাশেদুর রহমান রাসেল ও প্রধান অতিথি মোঃ রুহুল আমিন মিলন। এ সময় তিনি তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
পরে সভাপতিক তার বক্তব্য পরীক্ষার্থীদের আসন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বক্তব্য রাখেন।
প্রধান অতিথি বিদায়ী ছাত্র—ছাত্রীদের উদ্দেশ্যে শিক্ষকমণ্ডলী ও অতিথিবৃন্দ অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। তিনি বলেন, ঐতিহ্যবাহী কুটেমনি উচ্চ বিদ্যালয়, আগের তুলনায় নতুন আঙ্গিকে এগিয়ে যাচ্ছে। তোমরা ভালো রেজাল্ট করে যেমন বাবা-মায়ের মুখ উজ্জ্বল করবে। তেমনি এই বিদ্যাপীঠের স্মৃতি চারণ করবে। আমি দোয়া করি, তোমরা সাফল্যের সাথে এগিয়ে গিয়ে, ইউনিয়নের মধ্যে সর্বোচ্চ রেজাল করে, দেশের হাল ধরবে। বার্ষিক মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে এসএসসি পরীক্ষার্থীদের সার্বিক সাফল্য, বিদ্যালয়ের উত্তরোত্তর উন্নতি এবং সকলের মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। অনুষ্ঠানে কুটামনি উচ্চ বিদ্যালয় ও ১নং কুটামনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, কুটামনি উচ্চ বিদ্যালয় থেকে এবছর ১০২ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করবে বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সূত্রে জানা যায়।





