ডেক্স রিপোর্ট : গাজায় ইসরায়েলের যুদ্ধ তিন বছর পেরিয়ে চতুর্থ বছরে প্রবেশ করলেও সেখানে ধ্বংসযজ্ঞ এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন জাতিসংঘের অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক বিশেষ দূত ফ্রানচেস্কা আলবানিজে। তার ভাষায়, ‘গণহত্যা এখনো শেষ হয়নি।’
যুদ্ধের তৃতীয় বর্ষপূর্তির আগে আনাদোলু এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে আলবানিজে বলেন, গাজায় ধ্বংসযজ্ঞ অব্যাহত থাকায় ফিলিস্তিনিদের কেবল ‘গণহত্যা থেকে বেঁচে যাওয়া মানুষ’ হিসেবে বর্ণনা করাও যথাযথ নয়। কারণ, তাদের ওপর হুমকি এখনো কাটেনি।
বুধবার সাক্ষাৎকারটি প্রকাশ করে আনাদোলু এজেন্সি। সেখানে আলবানিজে গাজার পরিস্থিতিকে বিপর্যয়কর হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, মাঠপর্যায়ের পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, যা ভাষায় প্রকাশ করাও কঠিন।
২০২২ সাল থেকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের বিশেষ দূতের দায়িত্ব পালন করছেন ইতালীয় মানবাধিকার আইনজীবী ফ্রানচেস্কা আলবানিজে। তার মতে, গাজায় চলমান ধ্বংসযজ্ঞ এবং অধিকৃত পশ্চিম তীরে অবনতিশীল পরিস্থিতি আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে।
বিশেষ করে ইসরায়েলকে সমর্থনকারী দেশগুলোর নীতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
ফিলিস্তিনি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় ৭৪ হাজারের বেশি মানুষ নিহত এবং ১ লাখ ৭৫ হাজারের বেশি আহত হয়েছেন। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও হামলা ও সামরিক তৎপরতা পুরোপুরি বন্ধ হয়নি বলে ফিলিস্তিনি পক্ষের দাবি।
তাদের হিসাব অনুযায়ী, ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় আরও ১ হাজার ৪৫৪ জন নিহত এবং ৫ হাজার ৯০ জন আহত হয়েছেন।
আলবানিজে সতর্ক করে বলেন, ফিলিস্তিনিদের শুধু ‘গণহত্যা থেকে বেঁচে যাওয়া’ হিসেবে বর্ণনা করলে এমন ধারণা তৈরি হতে পারে যে তাদের ওপর চলমান ধ্বংসযজ্ঞের অবসান হয়েছে। কিন্তু বাস্তব পরিস্থিতি এখনো ভিন্ন।
তার দাবি, গাজার প্রায় ৭০ শতাংশ এলাকা ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং উপত্যকাটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ অব্যাহত রয়েছে।





