এডিট করা অডিও প্রচার করে হেয়প্রতিপন্নের অভিযোগে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন

doinikjamalpurbarta

হাসানুজ্জামান লিমন  : এডিট করা ও খণ্ডিত অডিও বিভিন্ন গণমাধ্যমে প্রচার করে তাকে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টার অভিযোগ তুলেছেন জামালপুর জেলা শ্রমিকদলের সভাপতি শেখ মোঃ আব্দুস সোবহান।

সোমবার সকালে উপজেলা অফিস সংলগ্ন শ্রমিকদল নেতার অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে শেখ আব্দুস সোবহান জানান, গত এপ্রিল মাসে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে ছনকান্দা-চর যথার্থপুর বালুমহালের ইজারার দরপত্র আহ্বান করা হয়।

তিনি সহ একাধিক ব্যক্তি দরপত্রের সিডিউল ক্রয় করেন। দরপত্র জমা দেওয়ার আগের দিন সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুনের বরাত দিয়ে জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমীন মিলন এবং জেলা মৎসজীবী দলের সভাপতি আঃ হালিম সিডিউল ক্রয়কারীদের এমপির ব্যক্তিগত চেম্বারে ডেকে নেন। সেখানে সমঝোতার জন্য আলোচনা হয়।

তিনি বলেন, আলোচনার ভিত্তিতে ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলামের ‘আমেনা এন্টারপ্রাইজ’-এর নামে সর্বোচ্চ দরদাতা নির্ধারণের সিদ্ধান্ত হয়।

পরবর্তীতে সিডিউলগুলো রুহুল আমীন মিলন ও জেলা মৎসজীবী দলের আহবায়ক আঃ হালিম সংগ্রহ করেন এবং তিনটি সিডিউল জেলা প্রশাসকের কার্যালয়ের টেন্ডার বাক্সে জমা দেওয়ার কথা ছিল।

এসময় তিনি অভিযোগ করে বলেন, সমঝোতার বাইরে গিয়ে গোপনে আমেনা এন্টারপ্রাইজের বিডি সরিয়ে ফেলে শামীম এন্টারপ্রাইজ, যা শামীম মাস্টারের স্ত্রীর নামে লাইসেন্সকৃত, সেটিকে সর্বোচ্চ দরদাতা হিসেবে জমা দেওয়া হয়। এতে বালুমহাল সংশ্লিষ্টদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। এ বিষয়ে কথা বলতে গিয়ে তিনি আঃ হালিমের সঙ্গে ফোনে যোগাযোগ করেন।

সেই কথোপকথনের একটি অংশ কেটে-ছেঁটে বিকৃতভাবে রেকর্ড করে গণমাধ্যমে সরবরাহ করা হয়েছে, যা গত দুই দিন ধরে প্রচারিত হচ্ছে। এতে তাকে ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন,এটি একটি পরিকল্পিত অপপ্রচার। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে প্রকৃত ঘটনা গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীর কাছে তুলে ধরার আহ্বান জানান তিনি।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ