হাসানুজ্জামান লিমন : শিক্ষাজীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় জানাতে জামালপুরের ছনকান্দা আদর্শ উচ্চ বিদ্যালয়ে আয়োজন করা হয় এক হৃদয়ছোঁয়া বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠান যেন হয়ে ওঠে ভালোবাসা, প্রেরণা আর আশীর্বাদের এক মিলনমেলা।
সকালের কোমল আলোয় সাজানো মঞ্চ, শিক্ষার্থীদের উচ্ছ্বাস আর শিক্ষকদের স্নেহমাখা উপস্থিতিতে পুরো পরিবেশ হয়ে ওঠে উৎসবমুখর। বিদায়ী শিক্ষার্থীদের চোখেমুখে ছিল একদিকে ভবিষ্যৎ স্বপ্নের দীপ্তি, অন্যদিকে প্রিয় শিক্ষাঙ্গন ছেড়ে যাওয়ার আবেগঘন অনুভূতি।
অনুষ্ঠানের উদ্বোধন করেন জামালপুর জেলা ট্রাক ও ট্যাং-লড়ী মালিক সমিতির সহ-সভাপতি মোঃ শামীম হোসেন মঙ্গল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব মোঃ সোহেল রানা খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চককালীপুর হাজেরা নুরল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা যুবদলের সম্মানিত সদস্য মোঃ ইমরান কাইসার, গণেশপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম তালুকদার, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা সাধারণ শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক, মোঃ ইনসান আলী এবং দ্যা ডেইলি স্টেট পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক ওয়াহিদ রুকন মাহমুদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছনকান্দা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি আসাদুল ইসলাম। সাবলীল ও প্রাণবন্ত উপস্থাপনায় পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সাধারণ সম্পাদক মোঃ হাসানুজ্জামান লিমন।
বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন—জীবনের প্রতিটি সাফল্যের পেছনে থাকে কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও অদম্য ইচ্ছাশক্তি। তারা শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জনের নয়, বরং নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানের এক পর্যায়ে বিদায়ী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। তাদের হাতে তুলে দেওয়া হয় শিক্ষা উপকরণ, যা তাদের আগামী পথচলায় সহায়ক হবে। এ সময় শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে তৈরি হয় এক আবেগঘন মুহূর্ত—হাসি, অশ্রু আর স্মৃতির মেলবন্ধনে যেন থমকে যায় সময়।
সবশেষে শিক্ষার্থীদের সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া ও মোনাজাত। সেই দোয়ায় মিশে ছিল শিক্ষকদের অকৃত্রিম ভালোবাসা, অভিভাবকদের প্রত্যাশা আর সহপাঠীদের আন্তরিক শুভকামনা।
উল্লেখ্য, ছনকান্দা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের সৌজন্যে আয়োজিত এই অনুষ্ঠানটি বিদায়ী শিক্ষার্থীদের জীবনে এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে—যেখানে জড়িয়ে থাকবে প্রিয় স্কুল, শিক্ষক ও সহপাঠীদের অসংখ্য মধুর স্মৃতি।।





