নিজস্ব প্রতিবেদক : জামালপুর পৌরসভার আসন্ন নির্বাচনকে ঘিরে জনসংযোগ ও গণসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে ৭নং ওয়ার্ডে আলোচনা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেলে পুরাতন ফুলবাড়িয়া মুন্সিপাড়া জামে – মসজিদ প্রাঙ্গণের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করেন জেলা যুবদলের সদস্য সচিব ও পৌর মেয়র প্রার্থী মোঃ সোহেল রানা খানের সমর্থকরা।
স্থানীয় বাসিন্দা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, তরুণ সমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।
এ সময় এলাকার উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ, অবকাঠামোগত অগ্রগতি, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং জনদুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং একটি আধুনিক, নিরাপদ ও পরিছন্ন পৌরসভা গড়ে তুলতে জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তারাই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সকলকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোঃ সোহেল রানা খান বলেন, “জনগণের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। পৌরবাসীর সুখ-দুঃখের অংশীদার হয়ে তাদের প্রত্যাশা বাস্তবায়নে কাজ করতে চাই। মেয়র হলেও জনগণের পাশে আছি, মেয়র না হলেও জনগণের পাশে থাকবো ইনশাআল্লাহ।
পরে উঠান বৈঠকে স্থানীয় বাসিন্দারা তাদের বিভিন্ন সমস্যা, চাহিদা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় তিনি সবার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস দেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ আলোচনা সভা ও উঠান বৈঠক স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে। অনুষ্ঠানের শেষে এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ ও এলাকাবাসী।।





