দেওয়ানগঞ্জ প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী এলাকায় পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ নকল বিড়ি শনাক্ত করা হয়েছে।
শনিবার (০৩ জানুয়ারি) ভোরে সানন্দবাড়ী পশ্চিম পাড়ার নৌঘাট এলাকায় এসব নকল বিড়ি পড়ে থাকতে দেখা যায়।
নৌঘাট এলাকায় নকল বিড়ি পড়ে থাকার বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্টরা আজিজ বিড়ি কোম্পানিকে অবহিত করেন। পরে কোম্পানির প্রতিনিধিরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি পরিদর্শন করেন। এ সময় গণনা করে দেখা যায়, সেখানে প্রায় ১ লাখ ৩০ হাজার শলাকা বা আনুমানিক ১০ হাজার প্যাকেট অবৈধ নকল বিড়ি রয়েছে।
সংশ্লিষ্টদের তথ্যমতে, উদ্ধার হওয়া নকল বিড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৩১ হাজার টাকা। এসব বিড়ির বিপরীতে সরকারের সম্ভাব্য রাজস্ব ক্ষতির পরিমাণ প্রায় ৫১ হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে। মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা এসব নকল বিড়ির মোট মূল্য আনুমানিক ১ লাখ ৩০ হাজার টাকা।
পরবর্তীতে বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা ও তত্ত্বাবধানে উদ্ধারকৃত অবৈধ নকল বিড়িগুলো ধ্বংস করেন সংশ্লিষ্টরা।





