মাহাবুবুর রহমান মাসুম জামালপুর প্রতিনিধি, জামালপুরের মেলান্দহ উপজেলার ৭নং চরবানী পাকুরিয়া ইউনিয়নের আটাবাড়ি গ্রামের বীর মুক্তিযোদ্ধা এটিএম গোলাম মোস্তফা আর আমাদের মাঝে নেই। কিডনি রোগজনিত জটিলতা ও বার্ধক্যজনিত কারণে তিনি গত ৮ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া। শুক্রবার রাষ্ট্রীয় মর্যাদায় তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়, উপজেলা প্রশাসনের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধারা এবং সর্বস্তরের গ্রামবাসী। জানাজা শেষে রাষ্ট্রীয় সালাম প্রদান করা হয় এবং পরে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
জীবনদ্দশায় বীর মুক্তিযোদ্ধা এটিএম গোলাম মোস্তফা মেলান্দহ উপজেলা ৭নং চরবানী পাকুরিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি আটাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং স্থানীয় মসজিদ কমিটির সভাপতির দায়িত্বও পালন করেছেন। সমাজসেবায় তার অবদান এলাকাবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
তার মৃত্যুতে জামালপুর বার্তা পরিবার গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করছি—তিনি যেন তাকে বেহেশতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমিন।





