নিজস্ব প্রতিবেদক : পবিত্র মাহে রমজান উপলক্ষে জামালপুর সদর উপজেলায় প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের যৌথ উদ্যোগে সাশ্রয়ী মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে শহরের ফৌজদারি মোড়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার।
সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. শরীফ আব্দুল বাসেত জানান, পবিত্র মাহে রমজান উপলক্ষে জামালপুর সদর উপজেলায় প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের যৌথ উদ্যোগে সাশ্রয়ী মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম আমরা শুরু করেছি। দুধ প্রতি লিটার ৭০ টাকা, ডিম প্রতি পিস ৭.৫০ টাকা এবং ড্রেসড ব্রয়লার ২৪০ টাকা কেজিতে ক্রেতারা ক্রয় করতে পারবেন।
তিনি আরও জানান, জামালপুর সদর উপজেলার ৭ টি পয়েন্টে প্রতিদিন বিকেল ৩ টা থেকে ৪ টার মধ্যে এ কার্যক্রম চলমান থাকবে। চলবে শেষ রমজান পর্যন্ত।
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
জানা যায়, উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ বিভাগের এ মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ রমজানে সাধারণ মানুষের জন্য স্বস্তি বয়ে আনবে এমনটাই প্রত্যাশা করেন।
উদ্বোধনী দিনে ফৌজদারি মোড় এবং হাইস্কুল মোড় এ দুটো পয়েন্ট পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. শরীফ আব্দুল বাসেত প্রমুখ।
সবাইকে প্রতিদিন নির্ধারিত স্থানে এসে সাশ্রয়ী মূল্যে পণ্য সংগ্রহের আহ্বান জানানো হয়েছে।





