রাকিব হোসেন, জামালপুর প্রতিনিধি : জামালপুরে মিথ্যা মামলার রায় বাতিল এবং সঠিক ও নিরপেক্ষ পুনঃতদন্তের মাধ্যমে নাদিম আহমেদ আপেলের নিঃশর্ত মুক্তির দাবিতে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে জামালপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এলাকার সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা কয়েকটি দাবি তুলে ধরেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো: অবিলম্বে কারাবন্দি আপেলকে মুক্তি, মামলার রায়কে প্রশ্নবিদ্ধ উল্লেখ করে একটি সঠিক ও নিরপেক্ষ তদন্তের দাবি।
বক্তারা অভিযোগ করেন যে, জনৈক লাল মিয়া কর্তৃক দায়ের করা মামলাটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা। আদালতের কাছে সঠিক বিচার পাওয়ার জোরালো দাবি জানানো হয়।
মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, নাদিম আহমেদ আপেল ষড়যন্ত্রের শিকার। তাকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে বা ফাঁসানো হয়েছে। বক্তারা অনতিবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং প্রকৃত দোষীদের খুঁজে বের করার আহ্বান জানান।
উক্ত মানববন্ধনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।।





