জামালপুর ০১ আসনে বিএনপির ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি নিয়ে গণসংযোগ ও ধানের শীষে ভোট প্রার্থনা

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিবেদক : পরিবারের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা এবং দারিদ্র্য থেকে মুক্তির পথ সুগম করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ঘোষিত নতুন উদ্যোগ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে জামালপুর ০১ আসনে দেওয়ানগঞ্জ ও বকশিগঞ্জ উপজেলায় ব্যাপক গণসংযোগ, উঠান বৈঠক এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেছেন জামালপুর জেলা বিএনপি সহ- সভাপতি শামীম আহম্মেদ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী জামালপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শামিম আহমেদের নেতৃত্বে দেওয়ানগঞ্জ বাজার, বালু গ্রাম এবং চোকাইবাড়ি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও পাড়ায় এ কর্মসূচি পরিচালিত হয়।

গণসংযোগকালে বিএনপির নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির লক্ষ্য ও কার্যক্রম বিস্তারিতভাবে তুলে ধরেন। এ সময় তারা জানান, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দেশের প্রতিটি পরিবারকে পর্যায়ক্রমে এই কার্ডের আওতায় আনা হবে।

নেতাকর্মীরা আরও জানান, ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে প্রতিটি পরিবার প্রতি মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত সরাসরি আর্থিক সহায়তা পাবে। পাশাপাশি নারীর ক্ষমতায়নকে বিশেষ গুরুত্ব দিয়ে পরিবারের মূল চালিকাশক্তি হিসেবে নারীকে স্বাবলম্বী করতে বিশেষ সুবিধা ও অগ্রাধিকার প্রদান করা হবে।

গণসংযোগ শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোঃ শামিম আহমেদ বলেন,
“বিএনপির রাজনীতি মানুষের জন্য। আমাদের লক্ষ্য একটি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত ও স্বাবলম্বী বাংলাদেশ গড়া। ‘ফ্যামিলি কার্ড’ কোনো সাময়িক সহায়তা নয়—এটি সাধারণ মানুষের অর্থনৈতিক নিরাপত্তার একটি টেকসই নিশ্চয়তা।”

তিনি বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ যখন দিশেহারা, তখন বিএনপির এই উদ্যোগ পরিবারভিত্তিক আর্থিক সুরক্ষা নিশ্চিত করবে। এর মাধ্যমে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনমান উন্নত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও উল্লেখ করেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর জেলার পাঁচটি আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে তৃণমূল পর্যায়ে গণসংযোগ আরও জোরদার করতে হবে। জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং দেশে সুশাসন ফিরিয়ে আনতে বিএনপির কোনো বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।

গণসংযোগ ও উঠান বৈঠকে দেওয়ানগঞ্জ বাজার ও চোকাইবাড়ি ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে শত শত সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। স্থানীয় বাসিন্দারা জানান, বিএনপির ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি তাদের মধ্যে নতুন করে আশার আলো জাগিয়েছে।

বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো মনে করছে, এই কর্মসূচি বাস্তবায়িত হলে তাদের দৈনন্দিন জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে।

‘সবার আগে বাংলাদেশ’—এই মূলমন্ত্রকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। কর্মসূচির শেষ পর্যায়ে “শহীদ জিয়া অমর হোক” এবং “তারেক রহমান জিন্দাবাদ” স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ