জামালপুর সদর–৫: ভোটের মাঠে তুঙ্গে ওয়ারেছ আলী মামুন, প্রচারণায় সরব সহধর্মিণী মিতু

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামালপুর সদর–৫ আসনে নির্বাচনী উত্তাপ চরমে পৌঁছেছে। ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে দাবি করছেন স্থানীয় বিএনপি নেতা-কর্মী ও সাধারণ ভোটাররা।

নির্বাচনী মাঠে দিনরাত এক করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী ও জামালপুর জেলা বিএনপির তিনবারের নির্বাচিত সফল সাধারণ সম্পাদক, সাবেক পৌর মেয়র এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

প্রতীক বরাদ্দের পর থেকেই তিনি সদর উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিরলস গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক চালিয়ে যাচ্ছেন। দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম, ত্যাগ ও নির্যাতনের ইতিহাসে গড়ে ওঠা এই নেতার পাশে স্বতঃস্ফূর্তভাবে যুক্ত হচ্ছেন সর্বস্তরের মানুষ।

তার নির্বাচনী সভা ও মিছিলে সাধারণ মানুষের উপস্থিতি এখন স্থানীয়ভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

ওয়ারেছ আলী মামুনের নির্বাচনী লড়াইয়ে নতুন মাত্রা যোগ করেছেন তার সহধর্মিণী মাছুমা আরমিন মিতু। স্বামীর বিজয় নিশ্চিত করতে তিনি সদর উপজেলার ১৫টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিকভাবে উঠান বৈঠক, নারী সমাবেশ ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

তার সহজ-সরল উপস্থাপনা, আন্তরিক বক্তব্য এবং সৌজন্যমূলক আচরণে বিশেষ করে নারী ভোটারদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। স্থানীয়দের মতে, নারী ভোটারদের সক্রিয় অংশগ্রহণ এই নির্বাচনে ধানের শীষের জন্য বড় শক্তি হয়ে উঠছে।

স্থানীয় ভোটারদের ভাষ্য অনুযায়ী, এডভোকেট ওয়ারেছ আলী মামুন জামালপুর পৌরসভার দুইবারের নির্বাচিত মেয়র থাকাকালীন যে অবকাঠামোগত উন্নয়ন, সড়ক, ড্রেনেজ ব্যবস্থা, নাগরিক সেবা ও নগর ব্যবস্থাপনায় অগ্রগতি এনেছিলেন, তার সুফল আজও দৃশ্যমান।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ না থাকায় তিনি সাধারণ মানুষের কাছে একজন ‘ক্লিন ইমেজের’ নেতা হিসেবে পরিচিত।

নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া একাধিক ভোটার জানান,“তিনি টানা ১৭ বছর জেল-জুলুম, মামলা-হামলা সহ্য করেও মাটি ও মানুষের সাথে থেকেছেন। ক্ষমতার লোভ বা ব্যক্তিগত স্বার্থ তাকে স্পর্শ করতে পারেনি। এবার আমরা ব্যালটের মাধ্যমে তার সততা ও ত্যাগের মূল্য দিতে চাই।

তার নেতৃত্বে বর্তমানে জামালপুর জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো আগের যেকোনো সময়ের তুলনায় বেশি ঐক্যবদ্ধ বলে দাবি করছেন তৃণমূলের নেতা-কর্মীরা। তারা মনে করছেন, অবহেলিত জামালপুরকে একটি উন্নয়নবান্ধব ও মানবিক জেলায় রূপান্তর করতে ওয়ারেছ আলী মামুনের বিকল্প নেই।

আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিনের অপেক্ষায় প্রহর গুনছেন জামালপুরবাসী। সাধারণ মানুষের প্রত্যাশা, বিপুল ভোটে জয়ী হয়ে সংসদ সদস্য হিসেবে তিনি জামালপুরের সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও নাগরিক অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখবেন। সেই সঙ্গে তার অমলিন হাসি ও মানবিক নেতৃত্ব নতুন আশার আলো ছড়াবে পুরো জেলায়।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ