শাহ আলম, জামালপুর : জামালপুর সদর উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ ময়নার মোড় থেকে পাকুল্ল্যা ভাঙ্গনী ঘাট পর্যন্ত সংযোগ সড়কের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সড়কের কার্পেটিং কাজের উদ্বোধন করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।
জানা যায়, দিগপাইত ইউনিয়নের ময়নার মোড় হতে রশিদপুর ইউনিয়নের পাকুল্ল্যা ভাঙ্গনী ঘাট পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল।
সংস্কারের অভাবে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে এবং বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা ও পানিতে একাকার হয়ে সাধারণ মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি করত। ফলে শিক্ষার্থী, রোগী এবং কৃষকদের নিত্যদিনের চলাচল ছিল অত্যন্ত কষ্টসাধ্য।
এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ও প্রয়োজনীয়তার প্রেক্ষিতে সংসদ সদস্যের বিশেষ উদ্যোগে অবশেষে এ গুরুত্বপূর্ণ সড়কটির পাকাকরণ কাজ শুরু হলো। স্থানীয়দের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় দৃশ্যমান উন্নয়ন ঘটবে এবং কৃষি পণ্য পরিবহন আরও সহজ ও দ্রুত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন মিলন, জেলা কৃষক দলের সদস্য সচিব আলহাজ্ব গাউসুল আজম শাহিন, দিগপাইত ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জিয়াউল হক মাস্টার, সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আহমেদ ফরিদ, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম চান মেম্বার, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম মোস্তফা মুকুল, জামালপুর জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট জামিল হাসান তাপস, দিগপাইত ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কাজী ফজলুল হকসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়াও দিগপাইত ও রশিদপুর ইউনিয়নের শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, মৎস্যজীবী দল, ওলামা দল ও কৃষক দলসহ বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।
সড়কটির নির্মাণ কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আনন্দ ও স্বস্তির পরিবেশ বিরাজ করছে। দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের আশায় তারা সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
স্থানীয়রা আশা করছেন, সড়কটির কাজ দ্রুত সম্পন্ন হলে এ অঞ্চলের সার্বিক যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক পরিবর্তন আসবে।।





