জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার তিতপাল্লা ইউনিয়ন সহ জামালপুরে দিন দিন বেড়েই চলেছে মাদক, চুরি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড। একের পর এক চুরির ঘটনায় অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ।
কৃষকের সেচ পাম্প থেকে শুরু করে গরু-ছাগল, বিদ্যুতের তার, মিটার এমনকি বসতবাড়িও রক্ষা পাচ্ছে না চোরদের হাত থেকে। অথচ অপরাধ দমনে দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ না থাকায় জনমনে বাড়ছে ক্ষোভ ও হতাশা।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় কারা মাদক ব্যবসা করে, কারা চুরি-ছিনতাইয়ের সঙ্গে জড়িত—এসব তথ্য অনেক ক্ষেত্রেই মানুষের অজানা নয়। কিন্তু রহস্যজনক কারণে অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না। ফলে অপরাধীরা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে।
সম্প্রতি রাতের আঁধারে অজ্ঞাত চোরচক্র একটি বিদ্যুৎচালিত সেচ পাম্পের মোটর চুরি করে নিয়ে যায়। চোরেরা মোটরের ভেতরের মূল্যবান পিতলের কয়েল খুলে নিয়ে লোহার অংশ ফেলে রেখে যায়। ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, দীর্ঘদিন ধরে তারা যৌথভাবে সেচ পাম্পটি পরিচালনা করে আসছিলেন। এ পাম্পের মাধ্যমে প্রায় ৫০ একর কৃষিজমিতে সেচ দেওয়া হতো। এর আগেও একাধিকবার বিদ্যুতের তার ও তেলেস মিটার চুরির ঘটনা ঘটেছে।
স্থানীয় কৃষকদের ভাষ্য, বর্তমানে চুরির ঘটনা এতটাই বেড়েছে যে রাত হলেই মানুষকে আতঙ্কে থাকতে হয়। কৃষিকাজের জন্য ব্যবহৃত যন্ত্রপাতি, গবাদিপশু কিংবা ঘরের মূল্যবান সামগ্রী কোনো কিছুই নিরাপদ নয়।
প্রশ্ন উঠেছে, অপরাধীরা বারবার একই ধরনের ঘটনা ঘটিয়ে পার পেয়ে যাচ্ছে কীভাবে? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও তৎপরতা নিয়ে সাধারণ মানুষের মধ্যেও নানা প্রশ্ন দেখা দিয়েছে। অনেকের মতে, অপরাধীদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনা না গেলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন মূলত খেটে খাওয়া কৃষক ও সাধারণ মানুষ। একটি সেচ পাম্পের মোটর চুরি শুধু একটি পরিবারের ক্ষতি নয়; এর প্রভাব পড়ে বহু কৃষকের ফসল উৎপাদনের ওপর। ফলে অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি কৃষি উৎপাদনও হুমকির মুখে পড়ে।
এলাকাবাসী অবিলম্বে তিতপাল্লা ইউনিয়ন সহ জামালপুর মাদক, চুরি ও অন্যান্য অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা, নিয়মিত পুলিশি টহল বৃদ্ধি এবং চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের প্রশ্ন সাধারণ মানুষের জানমাল রক্ষার দায়িত্ব যদি রাষ্ট্রই পালন করতে না পারে, তবে মানুষ যাবে কোথায়?





