এস আলম, জামালপুর : জামালপুর সদর উপজেলার কেন্দুয়া কালিবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট শাহ্ মোঃ ওারেছ আলী মামুন, মাননীয় সংসদ সদস্য (জামালপুর-৫, সদর)।
তিনি তাঁর বক্তব্যে বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রার কথা তুলে ধরে বলেন, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন সামাজিক সংহতি ও সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আশা প্রকাশ করেন, ঈদগাহ মাঠের উন্নয়ন সম্পন্ন হলে এলাকাবাসী আরও সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে ধর্মীয় কার্যক্রম পালন করতে পারবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ রুহুল আমীন মিলন, সাধারণ সম্পাদক, জামালপুর সদর উপজেলা বিএনপি। তিনি বলেন, দীর্ঘদিন ধরে এলাকাবাসীর প্রত্যাশিত এই উন্নয়ন উদ্যোগ বাস্তবায়িত হওয়ায় স্থানীয়দের মাঝে আনন্দের সঞ্চার হয়েছে।
তিনি দ্রুত ও মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার আহ্বান জানান।
উন্নয়ন প্রকল্পের আওতায় ঈদগাহ মাঠের অবকাঠামো উন্নয়ন, মাটি ভরাট, সীমানা প্রাচীর নির্মাণ, প্রবেশপথ সংস্কার এবং প্রয়োজনীয় অন্যান্য সুবিধা সংযোজনের পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেZqছে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক মুসুল্লি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। উন্নয়ন কাজের সূচনাকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্টদের মতে, এই উন্নয়ন কাজ বাস্তবায়িত হলে স্থানীয় মুসল্লিদের ধর্মীয় কার্যক্রম পরিচালনায় নতুন মাত্রা যোগ হবে এবং এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে।





