জামালপুরের দিগপাইতে স্কুলছাত্রী নিখোঁজ: পুরুষ ছদ্মবেশী এক নারীর বিরুদ্ধে অপহরণের অভিযোগ

doinikjamalpurbarta

শাহ আলম জামালপুর : এলাকায় চাঞ্চল্য জামালপুর সদর উপজেলার দিগপাইত এলাকায় ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে, যিনি দীর্ঘদিন ধরে পুরুষের বেশে চলাফেরা করতেন বলে স্থানীয়দের দাবি।

এ ঘটনায় ছাত্রীর পরিবার অপহরণের অভিযোগ এনে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

নিখোঁজ ওই ছাত্রী আশামনি (১৫) দিগপাইত ডি. কে. স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। তার মা মোসাম্মৎ নাজমা বেগম গত ৭ মার্চ ২০২৬ তারিখে নারায়ণপুর তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার (৭ মার্চ) প্রতিদিনের মতো সকাল ৯টার দিকে আশামনি শিক্ষক মিন্টু স্যারের কাছে প্রাইভেট পড়তে যায়। কিন্তু বেলা ১২টা পেরিয়ে গেলেও সে আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

ছাত্রীর মা নাজমা বেগম অভিযোগ করেন, তাদের প্রতিবেশী মোসাম্মৎ সাদিয়া (২০), স্বামী মো. কাউছার, দীর্ঘদিন ধরে তাদের বাড়িতে যাতায়াত করতেন। তার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় এর আগেই তিনি সাদিয়াকে মেয়ের সঙ্গে মেলামেশা করতে নিষেধ করেছিলেন। ঘটনার দিন থেকে সাদিয়াকেও এলাকায় খুঁজে পাওয়া যাচ্ছে না।

অভিযুক্ত সাদিয়ার স্বামী মো. কাউছারের সঙ্গে কথা বললে তিনি জানান, বিয়ের প্রায় ছয় মাস পর থেকেই সাদিয়া মাথার চুল কেটে নিজেকে পুরুষের মতো সাজাতে ও সেভাবে চলাফেরা করতে শুরু করেন।

এ নিয়ে তাদের মধ্যে একাধিকবার ঝগড়া-বিবাদও হয়েছে। তিনি বারবার নিষেধ করলেও সাদিয়া তার আচরণ পরিবর্তন করেননি এবং ধীরে ধীরে তার আচরণ অস্বাভাবিক হয়ে ওঠে।

স্থানীয়দের দাবি, সাদিয়া সমকামী প্রবণতার কারণে ওই ছাত্রীকে নানা প্রলোভন দেখিয়ে সঙ্গে নিয়ে যেতে পারেন।

এদিকে ঘটনার পর সাদিয়ার স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হলেও তিনি তার স্ত্রীর অবস্থান সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য দিতে পারেননি। এমনকি সাদিয়ার ব্যবহৃত মোবাইল ফোনে কল করা হলে তিনি কল রিসিভ করলেও কোনো কথা বলছেন না বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় আশামনির মা নাজমা বেগম বাদী হয়ে তিনজনকে সাক্ষী রেখে নারায়ণপুর তদন্ত কেন্দ্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত শুরু করেছে।

স্থানীয় এলাকাবাসী দ্রুত নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধার এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন।।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ